বিশেষ কার্যক্রম ও নিরাপত্তাজনিত কারণে আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্য সব দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ডিসেম্বর (আজ) সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর (আগামীকাল) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
যাত্রীসেবা, নিরাপত্তা এবং কার্যক্রমের শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই সময়ের মধ্যে কেবল বৈধ টিকিটধারী যাত্রীরা বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন। যাত্রী ছাড়া অন্য কোনো সঙ্গী বা দর্শনার্থী প্রবেশের অনুমতি পাবেন না।
উল্লেখ্য, এই সাময়িক বিধিনিষেধ কার্যকরভাবে বাস্তবায়নে যাত্রী এবং সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
