টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নয়, বরং বিপিএলে সেরা উইকেট শিকারি হতে চান নোয়াখালী এক্সপ্রেস হাসান মাহমুদ। জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে নিয়মিতই যোগাযোগ আছে তার। ভালো করলে সুযোগ আসবে বলে বিশ্বাস এই পেসারের। তিন ফরম্যাটে অভিষেক হলেও, টেস্ট পোশাকটা বেশি প্রিয় হাসানের। ক্যারিয়ার শেষে শিকার করতে চান ৫০০ উইকেট। বোলিংয়ের সঙ্গে ব্যাটিং নিয়েও কাজ করছেন জাতীয় দলের কোচদের সঙ্গে।টাইগারদের পেস ইউনিটে এখন কঠিন প্রতিদ্বন্দ্বিতা। তাসিকন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিবরা নিয়মিত মুখ। হাসান মাহমুদ টি-টোয়েন্টি ফরম্যাটে শুরুতে নিয়মিত থাকলেও, এখন লড়াই করতে হয় জায়গা পেতে।
সামনে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপ। তার আগে বিপিএল। নিজের অঞ্চল নোয়াখালী এক্সপ্রেসের সরাসরি সাইনিং হাসান। নিজের সেরাটা দিতে মুখিয়ে এই বোলার। বিশ্বকাপ নিয়ে না ভেবে বরং বিপিএলের এবারের সিজনে হতে চান সেরা উইকেট শিকারি।
সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমি আমার নোয়াখালী টিমের জন্য সর্বোচ্চটা দিতে চাই। চ্যাম্পিয়নের মানসিকতা নিয়ে আমরা মাঠে নামতে চাই। আমি সর্বোচ্চটা দিয়ে সেরা উইকেটশিকারি হতে চাই, অন্তত সেরা তিন বা পাঁচে থাকার চেষ্টা করব।’
