দীর্ঘ নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অবতরণ করেছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তবে তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিটের গণসংবর্ধনাস্থলের দিকে গেলেও, তাঁর পরিবার সরাসরি গুলশানের বাসভবনে পৌঁছেছেন।
দুপুর ১২টা ৫৭ মিনিটে জুবাইদা রহমান ও জাইমা রহমানকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে প্রবেশ করে। এ সময় গাড়ির ভেতর থেকে জাইমা রহমানকে হাত নেড়ে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। তাদের এই ফিরে আসাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত বাসভবন ‘ফিরোজা’র ঠিক পাশেই অবস্থিত। দীর্ঘদিন পর প্রতিবেশী সদস্যদের কাছে পেয়ে ওই এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
তারেক রহমানের পরিবারের আগমনকে কেন্দ্র করে গুলশান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে। ১৯৬ নম্বর বাড়ির সামনে পুলিশ, বিজিবি এবং র্যাব মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে গুলশানের আশপাশের রাস্তাগুলোতে সাধারণ যান চলাচল সীমিত ও নিয়ন্ত্রণ করা হয়েছে।
ভোর থেকেই গুলশান এলাকার রাস্তার দুই পাশে ব্যানার, প্ল্যাকার্ড ও ফুল হাতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন শত শত নেতাকর্মী। জুবাইদা ও জাইমা রহমানের গাড়ি আসার সাথে সাথে তাঁরা- ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’ এবং ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
তারেক রহমান বর্তমানে ৩০০ ফিট সংবর্ধনাস্থলের পথে রয়েছেন। সেখান থেকে তাঁর সংক্ষিপ্ত ভাষণ শেষে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। এরপর তিনি গুলশানের এই বাড়িতেই পরিবারের সদস্যদের সাথে মিলিত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
