লামিনে ইয়ামালকে ঘিরে তুলনার শেষ নেই। কেউ তার মধ্যে লিওনেল মেসির ছায়া খুঁজে পান, কেউ আবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যোগ্য উত্তরসূরি হিসেবে দেখেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে। আবার অনেকেই এখনই তাকে কারও সঙ্গে তুলনা করতে রাজি নন।
তবে মাত্র ১৮ বছর বয়সেই ফুটবলীয় দক্ষতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইয়ামাল ছাড়িয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসিকেও। এক বর্ষপঞ্জিকায় সফল ড্রিবলিংয়ের হিসাবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার সামনে আছেন শুধু নেইমার।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের রেকর্ড নেইমারের। ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলে তিনি সফল ড্রিবলিং করেন ৩৩৫ বার। এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইয়ামাল। ২০২৫ সালে বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী এই উইঙ্গার সফল ড্রিবলিং করেছেন ৩০৭ বার। উল্লেখযোগ্য বিষয় হলো, সর্বোচ্চ ড্রিবলিংয়ের শীর্ষ দশ তালিকায় পাঁচবারই আছেন লিওনেল মেসি।
চোট ও মাঠের বাইরের কিছু বিতর্কে জড়িয়ে চলতি বছর হঠাৎ ছন্দ হারিয়েছিলেন ইয়ামাল। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি তিনি। এল ক্লাসিকোতে বার্সেলোনার ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভ থাকলেও এরপরই নিজের চেনা রুদ্ররূপে ফিরে আসেন এই তরুণ।
