দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
তাকে একনজর দেখার আশায় দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও অনুরাগীরা।
ভোর থেকেই দলীয় পতাকা ও ব্যানার হাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় জড়ো হতে থাকেন লাখো নেতাকর্মী। সবার চোখ ছিল একটাই—তারেক রহমানের দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর ২টা ৫ মিনিটে গণসংবর্ধনাস্থলে পৌঁছালে হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ ও যুবক তাকে অভিবাদন জানান।
অনেকে হাত তুলে সালাম জানান, আবার কেউ স্লোগানে স্লোগানে চারপাশ মুখর করে তোলেন। বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দে ভরে ওঠে পুরো এলাকা।
এর আগে সকাল ১১টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। সেখানে দলের শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে তিনি খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন এবং একমুঠো মাটি হাতে নেন। এরপর লাল-সবুজ রঙের একটি বাসে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণ-সংবর্ধনা মঞ্চের উদ্দেশে ৩০০ ফিটের দিকে রওনা হন।
যাত্রাপথে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে অপেক্ষমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষও তাকে উষ্ণ স্বাগত জানান। কিছুক্ষণের মধ্যেই তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন বলে জানা গেছে।
