গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও দু’জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দূর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি মিয়া (৩৯) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া গ্রামের শাহজালাল মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
গাইবান্ধা প্রতিনিধি