বুধবার (১৪ জানুয়ারি) সিঙ্গাপুরের আদালতকে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ইয়ট পার্টির সময় দ্বিতীয়বার লাইফ জ্যাকেট পরতে চাননি জুবিন। তার শরীরে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতির তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়।
৫২ বছর বয়সি জুবিন গর্গ গত বছরের ১৯ সেপ্টেম্বর একটি ইয়ট পার্টিতে যোগ দিয়েছিলেন। তার পরদিনই সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে তার অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু এর আগের দিনই ডুবে মৃত্যু হয় তার।
সিএনএ-সহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রধান তদন্তকারী কর্মকর্তা আদালতে জানিয়েছেন, প্রথমবার সাঁতার কাটার সময় জুবিন লাইফ জ্যাকেট পরেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর সেটি খুলে ফেলেন। ইয়টে ফিরে এসে তিনি ক্লান্ত বলেও জানান। পরে আবার পানিতে নামার সিদ্ধান্ত নেন জুবিন। তখন তাকে ছোট আকারের আরেকটি লাইফ জ্যাকেট দেয়া হলেও তিনি তা পরতে অস্বীকৃতি জানান এবং কোনো সুরক্ষা ছাড়াই লাজারাস আইল্যান্ডের দিকে একা সাঁতার কাটতে শুরু করেন।
একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, সাঁতার কাটার সময় হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন জুবিন, দেখা যায় ভেসে থাকতে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ইয়টে তোলা হয়। এরপর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেয়া হলেও সেদিনই তাকে মৃত ঘোষণা করা হয়।
আদালতে জানানো হয়েছে, জুবিন গর্গের হাইপারটেনশন ও এপিলেপসির পুরনো চিকিৎসা ইতিহাস ছিল। ২০২৪ সালেই তার শেষবার খিঁচুনির সমস্যা হয়েছিল। তবে ঘটনার দিন তিনি নিয়মিত এপিলেপসির ওষুধ খেয়েছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি। সাক্ষীদের বক্তব্যও সেই বিষয়ে চূড়ান্ত প্রমাণ দিতে পারেনি বলে আদালতকে জানানো হয়।
