আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে অদ্য ০৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, অধিনায়ক, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) কর্তৃক মিডিয়া ব্রিফিং প্রদান করেন। উক্ত ব্রিফিং এ অধিনায়ক বলেন,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে পালন করা হচ্ছে। এই বাহিনী রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করছে। উল্লেখ্য, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তকে যথাযথভাবে সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করছে। পাশাপাশি, সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।
ভোটাররা যাতে নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্যকে সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেষণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করছে, যা ভোটারদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, জালনোট প্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অধীক সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা
নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। এপ্রেক্ষিতে, নির্বাচনকালীন সময়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিওপিসমূহে জনবল বৃদ্ধি, বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার ব্যবহারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম অব্যাহত রয়েছে।
মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) ২৯৯-রাঙ্গামাটি আসনের বাঘাইছড়ি উপজেলার ০১টি পৌরসভা ও ০৫টি ইউনিয়নের মোট ২১টি ভোটকেন্দ্রের জন্য দায়িত্বরত রয়েছে। ভোটারদের সুষ্ঠু ও অবাধ ভোট প্রদানের জন্য ০৪টি বেইজ ক্যাম্প হতে এই ব্যাটালিয়নের ০৬ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। এছাড়াও বাঘাইছড়ি
উপজেলায় মোট ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে দূর্গম পাহাড়ী এলাকায় ০৬টি হেলিসর্টি ভোট কেন্দ্র রয়েছে। যার মধ্যে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকায় ০২টি হেলিসর্টি ভোট কেন্দ্র রয়েছে। এক্ষেত্রে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) সার্বিক সহযোগিতা প্রদান করবে।
আমি এই ব্রিফিং এর মাধ্যমে বাঘাইছড়ি উপজেলার সর্বোস্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। নির্বাচনের পূর্বে ও পরে যে কোন ধরণের নৈরাজ্য মোকাবেলায় ২৭ বিজিবি, মারিশ্যা ব্যাটালিয়ন সর্বদা আপনাদের পাশে থাকবে।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
এ সময় মারিশ্যা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, বিজিওএম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা ও আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
