এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত ‘এ’ দল। এই ম্যাচেও টস থেকে শুরু করে খেলা শেষের পরেও হাত মেলাননি দুই দলের ক্রিকেটাররা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৫ বলে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের মেয়েরা। ওপেনার শাওয়াল জুলফিকার ২৩, গুল রুখ ২১ ও আনোসা নাসির ১৭ রান করেন। এছাড়া কেউ সেভাবে দাঁড়াতে পারেননি।
৯৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করেন ভারতের মেয়েরা। মাত্র মাত্র ১০ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে এ লক্ষ্য পেরিয়ে ভারত। দীনেশ ভৃন্দার ২৯ বলে অপরাজিত ৫৫ রানে অপরাজিত থাকেন।
এ দিনও টসের পর হাত মেলাননি পাকিস্তান অধিনায়ক হাফসা খালিদ ও ভারতের অধিনায়ক রাধা যাদব। গত বছরের মে মাসে তুমুল সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। এরপর এশিয়া কাপে মুখোমুখি হয় এই দুই প্রতিবেশী দেশ। সেখান থেকে 'নো হ্যান্ডশেক' রীতির সূত্রপাত ঘটে। পুরো টুর্নামেন্টে পাক অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
মেয়েদের বিশ্বকাপেও দেখা যায় একই চিত্র। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর পাকিস্তানের ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। এরপর ছেলেদের এশিয়া কাপ রাইজিং স্টারসের এই দুই দেশের ‘এ’ দলের খেলাতেও 'নো হ্যান্ডশেক' রীতি মেনে চলেন দুই দলের অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। গতকাল সংবাদ সম্মেলনে কোনো দলের অধিনায়কই হাত মেলানোর বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক ইঙ্গিত দেননি। সূর্যকুমার ‘২৪ ঘণ্টা অপেক্ষা করতে’ বলেছিলেন। পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ক্রিকেটের নিজস্ব চেতনাতেই খেলাটা খেলা উচিত। তিনিও অপেক্ষা করতে বলেন, ‘ভারত কী করতে চায়, তার পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। আমরা আগামীকালই সেটা দেখতে পাব।’
