সুন্দরগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত।
গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি: মোঃ শাহিন মিয়া
গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
সকাল থেকে উপজেলা শহীদ মিনার ও স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় গাইবান্ধা-সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
