: গাজীপুরের শ্রীপুরে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে শাহিন ভূঁইয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দেওয়া কিছু পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার বড় মসজিদের সামনে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন স্থানীয় উলামা সমাজ ও তৌহিদি জনতা। এতে প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশ নেন। বক্তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ
করেন, শাহিন ভূঁইয়া তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্ট করেছেন। এর প্রতিবাদেই তারা রাস্তায় নামেন। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা বরমী বাজার এলাকায় শাহিন ভূঁইয়ার বাড়ি ঘেরাও করে এবং পাশের তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ জরুরি। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহম্মদ বলেন, অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
