গাজীপুরের শ্রীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার(২৬ নভেম্বর) সকাল থেকে শ্রীপুর প্রাণীসম্পদ অফিস ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে এই বর্ণিল প্রদর্শনী। ৩০টি স্টলে নানা জাতের পশুপাখি নিয়ে দিনব্যাপী চলছে প্রদর্শনী। দুপুরে আগত অতিথি, খামারি ও দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হয় উন্নত খাবার।
সকাল ১১টায় খামারি, সুধিজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মুরশেদ মুরাদ।
প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে দৃষ্টিনন্দন গরু, মহিষ, দেশি-বিদেশি বিড়াল, কুকুর, হাঁস-মুরগি, কবুতর, পাখি, ভেড়া ও ছাগল আনা হয়েছে। ক্ষুদ্র আকারের ভুট্টি গরু ছিল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। সকাল থেকেই নানা বয়সের মানুষ প্রদর্শনী উপভোগ করতে ভিড় জমায়— বিশেষ করে শিশুদের আগ্রহ ছিল বিড়াল ও পাখির স্টলে।
স্টলের খামারিরা জানান, এই প্রদর্শনী তাদের জন্য উৎসাহ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম। সরাইল ফাইটার জাতের মুরগি নিয়ে আসা মুক্তার হোসেন বলেন, তার খামারে ৫০টি সরাইল ফাইটার রয়েছে, প্রদর্শনীতে তিনি এনেছেন ৫টি। ক্ষুদ্র খামারি শান্তি রাণী বর্মন ১১টি দেশীয় ভেড়া নিয়ে অংশগ্রহণ করেন। তিনি জানান, পশু হাসপাতাল থেকে ভেড়া পেয়ে তিনি খামারটি সম্প্রসারণ করেছেন।
জার্মান শেফার্ড জাতের কুকুর নিয়ে অংশ নেওয়া রাহাদ আহামেদ বলেন, “এ ধরনের প্রদর্শনী খুব প্রয়োজন। জাতীয় ও আঞ্চলিকভাবে এমন আয়োজন বেশি হলে মানুষ প্রাণীর প্রতি আরও সচেতন হবে।”মহিষ নিয়ে আসা কৃষক বাহাউদ্দীন বলেন, “এখানে এসে অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো, সম্পর্কও বৃদ্ধি পেয়েছে।”
এবারের প্রতিপাদ্য ‘দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি’। শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন বলেন, “প্রদর্শনীতে আসা প্রাণীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বিশেষ করে বিড়ালের জন্য একটি ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প চালু আছে। শীতে বিড়াল নানা জটিল রোগে আক্রান্ত হয়— সে কারণেই এই টিকা কার্যক্রম।”
তিনি আরও জানান, সবার সহযোগিতায় এ জাতীয় প্রদর্শনী সফলভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে।