ভোলার চরফ্যাশনে তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যুব রেড ক্রিসেন্ট চরফ্যাশন টিম। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় দুলারহাট থানার নীলকমল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কর্মসূচির আওতায় দুলারহাট থানার তেতুলিয়া নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকার হতদরিদ্র ও আশ্রয়হীন মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা রেড ক্রিসেন্ট টিম লিডার মোবাশ্বের আলম নিশাত। হাড়কাঁপানো শীতে কম্বল পেয়ে অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
এ সময় টিম লিডার মোবাশ্বের আলম নিশাত বলেন, “যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। উপকূলীয় অঞ্চলের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহাবুব আলম, ডেপুটি টিম লিডার-১; মোঃ জিহাদ, উপপ্রধান (দুর্যোগ ও মানবিক সাড়াদান বিভাগ); মোঃ মারুফ, প্রধান (তহবিল বিভাগ); হাবিব, প্রধান (আইসিটি ও মিডিয়া বিভাগ); মোঃ সাগর, উপপ্রধান (প্রশিক্ষণ বিভাগ)। এছাড়াও রেড ক্রিসেন্টের অন্যান্য যুব সদস্যবৃন্দ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রেড ক্রিসেন্টের এই সময়োপযোগী মানবিক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
চরফ্যাশনে যুব রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
চরফ্যাশনে যুব রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
চরফ্যাশনে যুব রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
