টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেই। তবে বাংলাদেশের একটা স্মৃতি ফিরিয়ে আনল নেদারল্যান্ডস। ২০১৯ বিশ্বকাপে মুশফিকের করা এক মারাত্মক ভুলের পুনরাবৃত্তি ঘটাল ডাচরা।
আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার মুখোমুখি হয়েছে ডাচরা। শেষ কয়েক বছর ধরে আইসিসি ইভেন্টে নিয়মিত মুখ এই দুই দল।
টস জিতে নামিবিয়াকে ব্যাটিং করতে পাঠায় ডাচরা। প্রথম ওভারেই ঘটে সেই মারাত্মক ভুলের পুনরাবৃত্তি।
ইনিংসের পঞ্চম বলে আরিয়ান দত্তের করা ডেলিভারিটা থেকে ইয়ান ফ্রাইলিংক ঝুঁকি নিয়ে একটা সিঙ্গেল বের করতে চেয়েছিলেন। ওপাশে ছিলেন লরেন স্টিনক্যাম্প, ঝুঁকিপূর্ণ প্রান্তে তাকেই ছুটে যেতে হয়েছিল।
তিনি কিছুটা দেরিই করে ফেলেছিলেন। যার ফলে ওপাশে রান আউটের একটা সুযোগ তৈরি হয়েছিল। উইকেটরক্ষক স্কট অ্যাডওয়ার্ডসের হাতে বল পৌঁছাচ্ছে যখন, তখন তিনি ক্রিজ থেকে অনেক দূরে।
স্টাম্পও ভেঙেছে, কিন্তু তিনি আউট হননি। কারণ, তিনি যখন ক্রিজ থেকে দূরে, তখন বল হাতে পাওয়ার আগেই স্টাম্প ভেঙে দিয়েছিলেন উইকেটরক্ষক অ্যাডওয়ার্ডস।
এমন পরিস্থিতিটা ক্রিকেটভক্তদের নিয়ে যায় ২০১৯ সালে। ৭ বছর আগের ওই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কেন উইলিয়ামসন ঠিক এভাবেই বেঁচে গিয়েছিলেন। রান নিতে গিয়ে আউট হওয়ার খুব কাছে চলে গিয়েছিলেন।
তবে উইকেটরক্ষক মুশফিকুর রহিম বলটা হাতে আসার আগেই স্টাম্প ভেঙে দেন। যার ফলে উইলিয়ামসন রক্ষা পেয়ে যান। ৭ রানে বেঁচে যাওয়া উইলিয়ামসন ৪০ রানে আউট হন। ৬০ রানে সুযোগ হারানো বাংলাদেশ তৃতীয় উইকেটের দেখা পায় আরও ১০০ রান খরচ করার পর। মোটে ২৪৪ রানের পুঁজি নিয়ে নামা দলটাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল এই জুটি।
আজ স্কট অ্যাডওয়ার্ডসের এই ভুল যেন সেই স্মৃতিই মনে করিয়ে দিয়েছিল। তবে নেদারল্যান্ডস অতটা ভোগান্তিতে পড়েনি। ২ রানে বেঁচে যাওয়া লরেন স্টিনক্যাম্প পরে আউট হয়েছেন ৬ রান তুলেই। তাতে ডাচরা যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তা আর বলতে।
