গতকাল ১০ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ০৫ মিনিটে কসবা থানাধীন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর মাদলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেলতলী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবির টহল দল।
আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার গৌঠাপাড়া গ্রামের আবদুল জলিল (৪৫), গড়াইপাড়া গ্রামের মোঃ নাছির উদ্দীন (৩৫) এবং খালেকপুর গ্রামের মোঃ আমির হোসেন (৪২)।
জানা গেছে, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে তারা ভারতের চেন্নাই এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। পরে দালালের মাধ্যমে মাদলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় বিজিবির টহলদলের হাতে আটক হন তারা।
বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
