লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে নিয়মিত রক্তদাতা ও ইমাম হাফেজ আবু সায়েম সাগরের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পরে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হলে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন।
জানা গেছে, ফেসবুকে মা-মানি স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়ে একটি মন্তব্য করেন হাফেজ আবু সায়েম সাগর। এ ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনার প্রতিবাদে গত ৭ মে ২০২৬ সকাল ১১টায় রায়পুর শহরের শহীদ ওসমান চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ঘটনার নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। তার উদ্যোগে বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও মাওলানা হেলাল উদ্দিন দায়িত্বশীল ভূমিকা পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তার মধ্যস্থতায় উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে আসে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও মাওলানা হেলাল উদ্দিনের ভূমিকার প্রশংসা করে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে। অনেকেই তাকে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
