বান্দরবান, ২৩ মে ২০২৬: বান্দরবান জেলার থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি) বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে।
শনিবার (২৩ মে) পরিচালিত এই ক্যাম্পেইনে নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক ডায়রিয়া আক্রান্ত ও চিকিৎসাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
ক্যাম্পেইনের পাশাপাশি স্থানীয় জনগণকে ডায়রিয়া প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দিয়ে বিজিবি স্থানীয় মানুষের আস্থা আরও দৃঢ় করেছে বলে জানা গেছে।
বান্দরবান প্রতিনিধি
হামিদুর রহমান
