আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘরের বিছানা থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মৃত শিমু ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর কন্যা। স্থানীয়দের দাবি, গত ৩ জুন সন্ধ্যার পর বাড়ির সামনে একটি চায়ের দোকানে তাকে শেষবার দেখা যায়। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় সাতক্ষীরা সদর ফাঁড়ি ও সদর থানা পুলিশ। পরে তার নিজ ঘরের বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০০৭ সালে সুলতানপুর এলাকায় তার বিয়ে হয়। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামীর মৃত্যু হলে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। পরবর্তীতে বাবার বাড়ির পাশেই একটি ঘর ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি:
