মাদকের বিস্তার রোধে সরকার আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমান।
শনিবার (২০ জুন) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বায়েক শিক্ষা সদন বায়েক উচ্চবিদ্যালয়ে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত আধুনিক বিজ্ঞান ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুশফিকুর রহমান এমপি বলেন, “আমরা মাত্র তিন মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। ইতোমধ্যে মাদকের সঙ্গে জড়িত অনেক প্রভাবশালী ব্যক্তি ও গডফাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার কারণে কেউ কেউ জামিনে মুক্তি পেয়েছেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আইন সংশোধন করে আরও কঠোর করা হবে। তখন এর বাস্তব ফলাফল দেশবাসী দেখতে পাবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। কসবা-আখাউড়া অঞ্চলে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের কোনো ছাড় দেওয়া হবে না।”
এমপি মুশফিকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক থেকে দূরে থেকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। সুস্থ ও মেধাভিত্তিক প্রজন্ম গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মুশফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন মেহভীন রহমান এবং আশফাক জামিল রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
