সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল, একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে একটি পণ্যবাহী ট্রাকে বিপুল পরিমাণ ডায়মন্ডের নাকফুল বাংলাদেশে পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ভোমরা
চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়।
পরে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে আসা একটি রপ্তানিকারক ট্রাক ভোমরা চেকপোস্টে প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। তল্লাশিকালে ট্রাক থেকে ২১৬টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক সমরেশ দাস এবং সহযোগী রাম মন্ডল নামে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। একই সঙ্গে IND WB 59 B9919 নম্বরের ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ডায়মন্ডের নাকফুলগুলোর আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব ডায়মন্ডের নাকফুল পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের বৈধ ব্যবসা ও দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সরকারকে উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত করে। চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
