মাগুরা সদর উপজেলার ভিটাসাইর ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মোঃ মনির (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনা।
সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মনির ভিটাসাইর ইসলামবাগ এলাকায় মোঃ আকরাম হোসেনের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে তার নিজ দখলীয় সেমিপাকা এককক্ষ বিশিষ্ট বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের পশ্চিম-উত্তর পাশে চৌকির নিচে একটি কালো রঙের কলেজ ব্যাগের ভেতর কাগজে মোড়ানো ও প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় পাঁচটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫৫০ গ্রাম করে মোট ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি itel ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মনিরের পিতার নাম মোঃ বদরুদ্দিন মোল্যা এবং মাতার নাম মৃত হালিমা খাতুন। তার স্থায়ী ঠিকানা নড়িহাটি, হাজরাপুর ডাকঘর, মাগুরা সদর উপজেলা। বর্তমানে তিনি ভিটাসাইর ইসলামবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জি এম হাফিজুর রহমান বাদী হয়ে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
