মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার আরিফিন শুভর নায়িকা কেয়া পায়েল

প্রথমবার আরিফিন শুভর নায়িকা কেয়া পায়েল

প্রথমবার আরিফিন শুভর নায়িকা কেয়া পায়েল

প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ এবং ছোটপর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে এই জুটিকে। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। দীর্ঘ বিরতির পর এই চলচ্চিত্রের মাধ্যমে আবারো চরকির কোনো কনটেন্টে ফিরছেন আরিফিন শুভ। 

সম্প্রতি ‘নীলচক্র’ সিনেমার প্রচার শেষ করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান শুভ। সেখানে ‘মালিক’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়ে প্রায় দুই সপ্তাহ পর দেশে ফেরেন। দেশে ফিরে একাধিক সিনেমার গল্প শুনলেও পরবর্তী চলচ্চিত্র নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

এর মধ্যেই নতুন খবর—শুভ যুক্ত হয়েছেন ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের নতুন একটি প্রজেক্টে। এটি প্রযোজনা করছে ছবিয়াল। যদিও নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে পরিচালক জাহিদ প্রীতম জানান, তিনি বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত। আপাতত কাজটি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন কেয়া পায়েল। এরই মধ্যে শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। 

সাম্প্রতিক সময়ে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ কেয়া পায়েল। বিশেষ করে মোস্তাফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এর আগে শতাধিক নাটকে অভিনয় করলেও বড়পর্দায় তার কাজের সংখ্যা খুবই সীমিত। ক্যারিয়ারের শুরুতে ২০১৮ সালের শেষ দিকে আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘ইন্দুবালা’ সিনেমার নামভূমিকায় অভিনয় করেন তিনি। তবে ‘হ্যাপিলি ম্যারিড’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমার একটি।  

জানা গেছে, অসম সম্পর্কের গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘হ্যাপিলি ম্যারিড’। সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা ও মানসিক দ্বন্দ্বকে ঘিরেই এগোবে কাহিনি। এটি নির্মিত হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অধীনে। 

বলে রাখা ভালো, ২০২৩ সালে প্রেমের গল্পকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে চরকি শুরু করে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্প। এ প্রকল্পে ১২ জন নির্মাতা ১২টি প্রেমের গল্প নিয়ে চরকি অরিজিনাল নির্মাণের ঘোষণা দেন। ইতোমধ্যে এ উদ্যোগ থেকে মুক্তি পেয়েছে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’। 

এ ছাড়া একই প্রকল্পে রায়হান রাফী নির্মাণ করেন ‘মুহাব্বাত’, আশফাক নিপুণ ‘উই নিড টু টক’, রেদওয়ান রনি ‘উঁকি’, আবু শাহেদ ইমন ‘অবনী’, রাকা নোশিন নাওয়া ও শঙ্খ দাশগুপ্ত ‘ফিফটি ফিফটি’, আরিফুর রহমান ‘জুঁই’ এবং অনম বিশ্বাস ‘শোল্ডার মা’।