ভোটের কালি মুছে যাওয়ার আগেই সরকার তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে। তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। সরকার গঠনের এক মাসের মধ্যেই সেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। একইভাবে কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতিও বাস্তবায়নের পথে। আপনার টাকা, আপনার ন্যায্য হিস্যা, আপনার কাছেই পৌঁছে দেওয়াই এই সরকারের অঙ্গীকার।"
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় মাগুরা জেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, "পিরোজপুর জেলায় দীর্ঘ ১৬ বছর একজন 'মহারাজ' নামে পরিচিত এমপি ছিলেন। স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কাগজে-কলমে সাড়ে তিন হাজার কোটি টাকার কাজ দেখানো হলেও বাস্তবে সেই অর্থ লুটপাট হয়ে তাদের পকেটে গেছে। বর্তমান সরকার সেই দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে জনগণের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে।"
অনুষ্ঠানে আইনমন্ত্রী নিজ হাতে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১১২টি বাইসাইকেল, গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ৫১টি সেলাই মেশিন, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২০টি হুইলচেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্রীড়া সামগ্রী এবং গাছের চারা বিতরণ করেন।
জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
মাগুরা সদর উপজেলার উন্নয়ন তহবিল (এডিপি) থেকে গৃহীত বিভিন্ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
