মাগুরার শ্রীপুর উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা সজীব বিশ্বাস (৩০), পিতা- রব্বানী বিশ্বাসকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) দুপুরে তাকে মাগুরা জজ কোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সজীব বিশ্বাসের বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি একটি হত্যা মামলারও আসামি।
স্থানীয় সূত্রের দাবি, সজীব বিশ্বাসের বিরুদ্ধে এলাকায় অস্ত্রের ভয় দেখানো, মাদক ব্যবসা, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
জানা গেছে, সজীব বিশ্বাস বাংলাদেশ আওয়ামী যুবলীগের শ্রীপুর উপজেলা ৭ নম্বর সব্দালপুর ইউনিয়ন শাখার সহ-সম্পাদক পদে রয়েছেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় সজীব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলার বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
