অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রাতের আঁধারে দুটি মসজিদে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বিষয়টি এক প্রতিবেদনে নিশ্চিত করেন নাবলুস শহরের দক্ষিণে অবস্থিত কুসরা শহরের মেয়র আবদেল আজিম ওয়াদি।
তিনি জানান, বসতি স্থাপনকারীরা শহরের দক্ষিণাংশে নির্মাণাধীন একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। এতে মসজিদের প্রবেশপথ পুড়ে যায় এবং পাথরের কাঠামোরও ক্ষতি হয়।
এছাড়াও হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ শব্দসহ বিভিন্ন স্লোগান লিখে রেখে যায় বলেও জানান তিনি।
এদিকে, ফিলিস্তিনের জানিয়েছে, তুলকারেম শহরের কাছে কুর গ্রামেও আরেকটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
সেখানে মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগানও লেখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এর একদিন আগে, গত শুক্রবার পশ্চিম তীরের তাল গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ ফিলিস্তিনি ও ২ ইসরায়েলি নিহত হন।
সাম্প্রতিক এই ঘটনাগুলো অধিকৃত পশ্চিম তীরে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।তবে মসজিদে অগ্নিসংযোগের অভিযোগের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
