এম ডি রফিকুল ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
দায়েশ সমর্থনে অনলাইনে প্রচারণা
মালয়েশিয়ায় বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড
কুয়ালালামপুর, ১২ ডিসেম্বর ২০২৫:
সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ‘দায়েশ’-কে সমর্থন ও প্রচারণা চালানোর দায়ে বাংলাদেশের নাগরিক মোহাম্মদ দিদারুল আলম (২৯)-কে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুর হাইকোর্ট।
শুক্রবার সকালে হাইকোর্টের বিচারক আজহার আব্দুল হামিদ রায় ঘোষণা করেন। দিদারুল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দায়েশের ভিডিও, ছবি ও বার্তা শেয়ার করার কথা স্বীকার করায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে।
রায়ে বলা হয়, দিদারুলের সাজা ২১ জুলাই ২০২৫, গ্রেফতারের দিন থেকেই কার্যকর হবে। সাজা শেষে তাকে নিজ দেশ বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
মামলা সূত্রে জানা যায়, প্যানেল কোডের ১৩০জে (১)(এ) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, যেখানে সর্বোচ্চ শাস্তি ৪০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। ২০২৪ সালের ২৭ মে বুকিত আমান বিশেষ শাখা পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
তদন্ত প্রতিবেদনে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দায়েশপন্থী বিভিন্ন ভিডিও, বক্তব্য ও ছবি নিয়মিত শেয়ার করেছেন। বাংলা অনুবাদ বিশ্লেষণে সেই প্রমাণ নিশ্চিত হয়।
রাষ্ট্রপক্ষের ডেপুটি পাবলিক প্রসিকিউটর আফতাল মারিজ মোহামেদ আদালতে কঠোর শাস্তির আবেদন করে বলেন,
“দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধে বিদেশিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।”
অন্যদিকে আইনজীবী ছাড়াই আদালতে দাঁড়িয়ে দিদারুল তার পরিবারের কথা উল্লেখ করে দয়া প্রার্থনা করেন। তিনি বলেন,
“আমি মালয়েশিয়ায় কাজ করতে এসেছিলাম। আমার ভুলের জন্য ক্ষমা চাই।”
