রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজারে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় স্থাপিত এ মিনি কোল্ড স্টোরেজটি শনিবার (৮ আগস্ট) উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশীদ এবং জেলা পরিষদ রাজবাড়ীর প্রশাসক আব্দুস সালাম মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন, কলিমহর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কলিমহর ইউনিয়নের সমাজ সেবক ও যুব নেতা মোহাম্মদ আব্দুস সালাম।
কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজারে স্থাপিত এই মিনি কোল্ড স্টোরেজটি স্থানীয় কৃষকদের জন্য কৃষিপণ্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মৌসুমি ফল ও সবজি উৎপাদনের সময় বাজারে সরবরাহ বেশি থাকায় কৃষকরা অনেক সময় ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় উৎপাদিত কৃষিপণ্য দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি বাধ্য হয়ে কম দামে পণ্য বিক্রি করতে হয় কৃষকদের।
সংশ্লিষ্টরা জানান, মিনি কোল্ড স্টোরেজে কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ তৈরি হলে কৃষকরা উৎপাদিত পণ্য তাৎক্ষণিকভাবে কম দামে বিক্রি না করে সংরক্ষণ করে পরবর্তী সময়ে বাজারজাত করতে পারবেন। এতে কৃষকদের উৎপাদিত পণ্যের অপচয় কমবে এবং তারা ন্যায্য দাম পাওয়ার সুযোগ পাবেন।
হাইব্রিড সোলার অপারেটেড হওয়ায় বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি সৌরশক্তি ব্যবহার করে কোল্ড স্টোরেজটি পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হবে বলে মনে করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, দেশের কৃষি এখন শুধু উৎপাদননির্ভর থাকলে হবে না; উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও সঠিক সময়ে বাজারজাতের ওপরও গুরুত্ব দিতে হবে। কৃষক যেন উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে জন্য মাঠপর্যায়ে সংরক্ষণ সুবিধা বাড়ানো জরুরি। গোপালপুর বাজারে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের ফলে কলিমহর ইউনিয়নসহ আশপাশের এলাকার কৃষকরা উপকৃত হবেন।
কৃষকদের দীর্ঘদিনের একটি বড় সমস্যা হলো উৎপাদনের মৌসুমে বাজারে একই সময়ে বিপুল পরিমাণ পণ্য চলে আসা। এতে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে যায়। আবার কয়েকদিন পর বাজারে সরবরাহ কমে গেলে একই পণ্যের দাম বেড়ে যায়। এ অবস্থায় কৃষকরা যদি উৎপাদিত পণ্য কিছুদিন সংরক্ষণ করতে পারেন, তাহলে বাজারের চাহিদা অনুযায়ী তা বিক্রি করার সুযোগ পাবেন। মিনি কোল্ড স্টোরেজটি এ ক্ষেত্রে কৃষকদের সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় কৃষকদের উৎপাদন ও উৎপাদিত পণ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই পাংশার গোপালপুর বাজারে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা বলেন, উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ তৈরি হলে মৌসুমে কম দামে পণ্য বিক্রি করার চাপ কমবে। একই সঙ্গে পণ্য সংরক্ষণ করে ভালো সময়ে বাজারজাত করা সম্ভব হলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
