নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা দেখিয়ে নির্বাচনী প্রচারণায় লাগানো ব্যানার-ফেস্টুন-পোষ্টার নিজ হাতে খুলে ফেলে দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
১১ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি কার্যকর হওয়ায় বৃহস্পতিবার সকালে মাসুদ সাঈদী তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গিয়ে ঝুলানো ব্যানার ফেস্টুন অপসারণের কাজ শুরু করেন।এসময় তিনি নিজেই ফেস্টুন-বিলবোর্ড খুলে ফেলে স্থানীয় ভোটারদের সামনে আইন মেনে চলার বার্তা তুলে ধরেন।
মাসুদ সাঈদী বলেন, “নির্বাচনী আচরণবিধি সব প্রার্থীরই সমানভাবে মেনে চলা উচিত। বিধি জারি হওয়ার সঙ্গে সঙ্গেই আমার লাগানো সব পোস্টার, ব্যানার, ফেস্টুন ও লাইটিং খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন করতে হলে রাষ্ট্রীয় আইন সবার মানা উচিত। আমার নির্বাচনী তিন উপজেলা ও একটি পৌরসভার যেসব স্থানে প্রচারসামগ্রী টানানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে সবই আমরা পর্যায়ক্রমে সরিয়ে ফেলছি।”
তিনি জানান, “যখন প্রচারণা চালানোর অনুমতি দেওয়া হবে, তখন নিয়ম মেনে পোস্টার-লিফলেট লাগানোর কাজ আবারো করা হবে। আমি মনে করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা সম্ভব।”
মাসুদ সাঈদীর এমন পদক্ষেপকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করে স্থানীয় ভোটাররা বলেন, আচরণবিধি মেনে চলার এমন উদাহরণ অন্যান্য প্রার্থীর জন্যও অনুকরণীয় হতে পারে।
মোঃশাহিন ফকির
পিরোজপুর প্রতিনিধি
