মাগুরার শ্রীপুরে ইয়াবাসহ মো. সোহান (১৯) নামের সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থীকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমলসার গ্রামের মোতালেব মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোহান ওই গ্রামের মো. সুফিয়ার রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আমলসার মোতালেব মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এলাকাবাসী সোহানকে আটক করে। পরে তাকে তল্লাশি চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান ইয়াবা সেবনের কথা স্বীকার করে জানায়, সে গত দুই মাস ধরে মাদকের সাথে সম্পৃক্ত। আমলসার পূর্বপাড়া গ্রামের মাদক কারবারি মো. জাহিদ এর কাছ থেকে প্রতি পিস ৩০০ টাকা দরে মোট ১,২০০ টাকায় এই ৪টি ইয়াবা ট্যাবলেট কিনেছিল।
সে নিজে সেবনের জন্যই এগুলো এনেছিল বলে দাবি করে। ঘটনার পরপরই স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সোহেল রানা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
