আইএমডিবির জনপ্রিয় সেলিব্রেটির তালিকায় শীর্ষস্থানে অবস্থান এবং ‘সার্চ: নয়না দ্য মার্ডার কেস’ সিরিজের সাফল্য—সব মিলিয়ে দারুণ রোমাঞ্চিত শ্রদ্ধা দাস। তিনি বলেন, ‘এত বছর ধরে নানা ভাষায় কাজ করেছি। ছয়টি ভাষায় অভিনয় করেছি। তাই এই স্বীকৃতি, প্রশংসা আর ভালোবাসা—সবকিছুই উপভোগ করছি।’
সৃজনশীলতার পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফল হয়েছে ‘সার্চ: নয়না দ্য মার্ডার কেস’। আলাপের শুরুতেই শ্রদ্ধা জানান, কঙ্কণা সেন শর্মার মতো অভিনেত্রী এবং রোহন সিপ্পির মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ আনন্দের। সিরিজে তাঁর চরিত্র নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে আরও উচ্ছ্বসিত করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার সাফল্যের গল্প শোনান, সাফল্য উদ্যাপন প্রসঙ্গে হালকা হেসে শ্রদ্ধা বলেন, ‘সিরিজ মুক্তির পর থেকেই কাজ আর ইন্টারভিউ নিয়ে ব্যস্ততা বেড়েছে। উদ্যাপনের সময়ই পাইনি। তবে সবকিছুর জন্য স্রষ্টার কাছে আমি চিরকৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘১৫–২০ বছর অপেক্ষা করতে হয়েছে আমার পছন্দের চরিত্রগুলো পাওয়ার জন্য। অনেক সময় ছোট চরিত্রে সন্তুষ্ট থাকতে হয়েছে। রাজনীতির শিকার হয়েছি, তারকা-সন্তানের কারণে কাজও হারিয়েছি। আগে এসব নিয়ে খুব কষ্ট পেতাম। এখন আর না। আমি কিছুই থালায় সাজিয়ে পাইনি—সবকিছু অর্জন করেছি পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে।’
