মোঃ আরিফ হোসেন
নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর বেগমগঞ্জে জুতার সোলের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৭০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি।
পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ মডেল থানার ১ নম্বর পৌর ওয়ার্ড এলাকায় বেগমগঞ্জ চৌরাস্তা থেকে কুমিল্লা গামী মহাসড়কের পাশে উপকূল বাস কাউন্টারের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে ইমান হোছন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা।
পরে তার পরিহিত জুতা তল্লাশি করে সোলের ভেতরে কৌশলে ফিটিং করে রাখা ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অভিযানে এসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।