সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থাপক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রেজাউল করিম রবু মারা গেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) আনুমানিক বেলা দেড়টার দিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রেজাউল করিম রবু। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের টেলিভিশন, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সহকর্মী, সংস্কৃতিজন ও গুণগ্রাহীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাজশাহীর সংস্কৃতিমনা এক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা রেজাউল করিম রবুর। তার কর্মজীবনের বড় একটি অংশজুড়ে ছিল টেলিভিশন, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গন। তার জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় মহান মুক্তিযুদ্ধ। সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের মনোবল জোগাতে ভূমিকা রাখেন তিনি। স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সাহস জাগাতে তার মতো শব্দসৈনিকদের কণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন রেজাউল করিম রবু। ২০১৬ সালের ১৬ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০৮ জন শব্দসৈনিককে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ওই গেজেটে রাজশাহী জেলার তালিকায় ‘মো. রেজাউল করিম (রবু)’ নামে তার নাম রয়েছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা