গতকাল (১৩ ডিসেম্বর) চার দফা দাবি নিয়ে বিসিবিতে হাজির হয়েছিলেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের প্রায় ৫০-৬০ জন ক্রিকেটার। শুরুতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থেকে প্রায় আধাঘণ্টার মতো মানববন্ধন করেন তারা। এসময় ক্রিকেটারদের হাতে ‘ঢাকা লিগ বন্ধ কেন’, ‘সবাই মাঠে খেলতে চাই’, ‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই’— এমন কিছু প্ল্যাকার্ড দেখা যায়।মানববন্ধন শেষে ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল বিসিবি কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। সেখানে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নাজমূল আবেদীন ও পরিচালক ইফতেখার রহমানের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরেন তারা।
খেলোয়াড়দের মাঠে ঢুকতে বাধা দিয়ে গেটের বাইরে আটকে রাখা হয়েছে এমন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
রোববার (১৪ ডিসেম্বর) ফেসবুকে এক পোস্টে তামিম লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে। অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল।'
