পিরোজপুর প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে পিরোজপুর জেলা সদর হাসপাতাল, পৌরসভা এলাকা এবং সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কসমূহে এক ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে সরাসরি নেতৃত্ব ও তদারকি করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। তাঁর উপস্থিতিতে হাসপাতাল ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে এ কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে জেলা সদর হাসপাতালের চারপাশের ড্রেন ও নালা পরিষ্কারের পাশাপাশি কোয়ার্টার, প্রধান হাসপাতাল ভবন ও সংলগ্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা সম্পূর্ণভাবে অপসারণ করা হয়। একই সঙ্গে পিরোজপুর পৌরসভা এলাকার পরিবেশগত অব্যবস্থাপনা দূর করতে ড্রেন-নালা পরিষ্কার ও বর্জ্য অপসারণের কাজ জোরদার করা হয়েছে।
পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে জেলা প্রশাসক হাসপাতাল থেকে সিও অফিস মোড় পর্যন্ত সড়ক সরেজমিনে পরিদর্শন করেন। পথিমধ্যে সড়কের উভয় পাশের ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কারের পাশাপাশি অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান অপসারণে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন, পিরোজপুর পৌরসভার প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসন জানায়, ডেঙ্গু মোকাবিলার পাশাপাশি পিরোজপুরকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নাগরিকবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।