শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান চলাকালে এস্কেভেটরের চাপায় বধু মুন্সী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
শনিবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার গরুহাটা মাঠে পৌরসভার ময়লা পরিষ্কার ও উচ্ছেদ অভিযান চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বধু মুন্সী শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার মৃত গুজারু মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুহাটা এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছিল। এ সময় ময়লা সরানোর কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরের চাপায় বধু মুন্সী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা বলেন, সকালে পৌরসভার ময়লা পরিষ্কারের সময় এস্কেভেটরের চাপায় ওই বৃদ্ধ আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।