মোঃ আরিফুল হক সাহিন
পোরশা, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার ২ নম্বর তেতুলিয়া ইউনিয়নের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) দ্বিতীয় কিস্তির আওতায় এবং সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে এ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) ২ নম্বর তেতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর তেতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম। এছাড়া পোরশা থানার অফিসার ইনচার্জ জনাব মো. জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে ২ নম্বর তেতুলিয়া ইউনিয়ন পরিষদ, পোরশা, নওগাঁ।
স্লোগান:
খেলায় শক্তি, খেলায় বল—মাদককে না বল।