বড়দের মতো ছোটরাও হাঁটলো একই পথে। রোববার (১৪ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক। মাঠের খেলায়ও পাকিস্তানকে কোনো পাত্তা দেয়নি ভারতের যুবারা। আগে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয় ভারত। জবাব দিতে নেমে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় দেড়শ রানেই। আর তাতেই ৯০ রানের বিশাল জয় পায় ভারতীয় যুবারা।সবশেষ এশিয়া কাপের আসরে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল তিন ম্যাচে। সেই তিন ম্যাচের এক ম্যাচেও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর নারীদের বিশ্বকাপেও দেখা গেছে একই চিত্র। আজ যুব এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের ম্যাচে দেখা গেলো সেই একই চিত্র।
দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ভারত। আয়ুশ মাহাত্রে ও বৈভব সূর্যবংশীর জুটি থেকে আসে ২৯ রান। তবে সূর্যবংশীকে রান পেতে দেননি মোহাম্মদ সায়াম। ৬ বল খেলে মাত্র ৫ রান করেই আউট হন সূর্যবংশী। সায়ামের বলে তারই তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।
দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন আয়ুশ ও অ্যারন জর্জ। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকা জর্জ আউট হন ৩৮ রান করে। তার ২৫ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। তাকেও শিকার করেন সায়াম।
