ইতিহাসের শ্রেষ্ঠ ক্লাবগুলোর একটি বার্সেলোনা। পুরো পৃথিবীতে এই কাতালান ক্লাবটির সমর্থক অগণিত। এবার গুঞ্জন উঠেছে, এই বার্সেলোনাকে কিনতে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কাতালান ক্লাবটি কিনে নিতে নাকি ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত তিনি।বর্তমানে বার্সেলোনা বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ক্লাবটির ঋণের পরিমাণ ২.৫ বিলিয়ন ইউরোরও বেশি। এই ভঙ্গুর আর্থিক পরিস্থিতির সুযোগ নিয়ে সৌদি যুবরাজ বিশাল অঙ্কের বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন। একে সৌদি আরবের ‘ক্রীড়া কূটনীতি’ বা স্পোর্টস ওয়াশিং কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগেও সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ফুটবলসহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগ করেছে।
তবে ১০ বিলিয়ন ইউরোর এই প্রস্তাব যতই লোভনীয় হোক না কেন, বার্সেলোনা বিক্রি করা বাস্তবে প্রায় অসম্ভব। কারণ, বার্সেলোনা কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়; এটি সম্পূর্ণ ‘সোসিও’ বা সদস্য মালিকানাধীন ক্লাব। হাজার হাজার সদস্যের ভোটের মাধ্যমে ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। ঐতিহ্যগতভাবে তারা কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দিতে রাজি হবেন না।
