ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন।
এর আগে দুপুরে ডাকসু ভবনের সামনে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
মিছিলটি ক্যাম্পাস থেকে দোয়েল চত্বর এলে প্রথম দফা পুলিশের বাধার মুখে পড়ে। তা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়ার পর হাইকোর্ট রোডের সামনে দ্বিতীয় দফায় পুলিশের ব্যারিকেড সরিয়ে এগিয়ে যায় শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের কাছে পুলিশের তৃতীয় ব্যারিকেডে মিছিলটি থেমে যায়।
এই সময় ভিপি সাদিক কায়েম বলেন, "যারা ওসমান হাদিকে হামলা করেছে, যারা এর পরিকল্পনায় ছিল—সবাইকে গ্রেফতার করতে হবে। নিষিদ্ধ লীগের নেতাদের গ্রেফতার করতে হবে।"
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সময় বেঁধে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এরপরই পরিস্থিতি শান্ত করতে সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করে।
