রাজধানী ঢাকার নবাবগঞ্জে রাস্তার পাশে একটি বন্ধ দোকানের সামনে মোতালেব সিকদার (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে রেখে যাওয়া ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার, ১৫ ডিসেম্বর সকালে উপজেলা সদরের কাশিমপুর নিমতলা এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত মোতালেব সিকদার উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামের মৃত শাহাজদ্দিন সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি অটোরিকশা করে বৃদ্ধের মরদেহ এনে বন্ধ দোকানের সামনে রেখে পালিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি থানায় নিয়ে যায়। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের ছেলে সুমন সিকদার জানান, ‘আমার বাবা মোতালেব সিকদার কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এলাকায় কুলির কাজ করতেন তিনি। রোববার সন্ধ্যায় স্থানীয় এক বাড়িতে ভরা গ্যাস সিলিন্ডার দিয়ে খালি সিলিন্ডার নিয়ে ফেরার সময় পথ ভুলে হারিয়ে যান। সারারাত বিভিন্নস্থানে খুঁজেছি তাকে। পরে সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে বাবাকে শনাক্ত করি। আমাদের কোনো শত্রু নেই। কীভাবে কি হলো বুঝতে পারছি না।’
নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি একটি হত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
-1765802067.jpg)