২০ বছর বয়সী ইজাজ সাওয়ারিয়ার জীবনের মোড় ঘুরে যেতে পারে আজ (১৬ ডিসেম্বর)। আবুধাবিতে আর কিছুক্ষণ পরেই শুরু হবে আইপিএলের মিনি নিলাম। নিলামের ড্রাফটসে চতুর্থ ও শেষ সেটে আনক্যাপড স্পিনারদের তালিকায় ২৬৫ নম্বর সিরিয়ালে থাকা নামটা ইজাজের। আজ যদি এই লেগি দল নাও পান তারপরও নিলামে নাম ওঠাটাই হবে অসাধারণ এক গল্প। এই গল্প কোনো স্তরেই প্রতিনিধিত্বমূলক ক্রিকেট না খেলেও শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার জোরে নিলামের মঞ্চে পৌঁছানো এক খেলোয়াড়ের।জেলা দলে কিছুতেই সুযোগ মিলছিল না ইজাজ সাওয়ারিয়ার। এক সময় ভিন্নভাবে ভাবতে শুরু করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রিলস বানাতে শুরু করেন তিনি। অনুশীলনের ছোট ছোট ভিডিও পোস্ট করতে থাকেন ইজাজ। এরপর চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ তার কয়েকটি ইনস্টাগ্রাম রিলে মন্তব্য করার পর থেকেই ২০ বছর বয়সী ইজাজ সাওয়ারিয়ার জীবন পাল্টে যায়। এখন তার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠে ইনস্টাগ্রাম নোটিফিকেশন চেক করা।
শুরুর দিকে তার রিলগুলোতে মোটে কয়েকশ ভিউ আসত। এখন সেগুলো অনায়াসেই কয়েক হাজার রিয়্যাক্ট পাচ্ছে। দর্শকসংখ্যার পরিধিও বেড়েছে ব্যাপকভাবে। তার দর্শক তালিকায় আছে যোগ হয়েছেন পাঞ্জাব কিংসের বোলিং কোচ সুনীল যোশি থেকে শুরু করে চেন্নাই সুপার কিংসের স্কাউট পর্যন্ত। গত ১৪ ঘণ্টায় তার ফলোয়ার বেড়েছে ৩ হাজারের বেশি, মোট ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৩.৬ হাজারে!
উত্তর কর্নাটকের ছোট শহর বিদরে বড় হয়েছেন ইজাজ সাওয়ারিয়া। ইনস্টাগ্রামে রিলস পোস্ট করা থেকে আইপিএলের নিলামে জায়গা পাওয়ার মাঝের সময়টার সংগ্রামের গল্পটা তিনি জানিয়েছেন ইএসপিএন-ক্রিকইনফোকে।
