সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিল মেকিং’ প্রতিযোগিতার আয়োজন করেছে বিএনপি। উপলক্ষ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। এই প্রতিযোগিতায় ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানে বিএনপির নতুন একটি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি জানান, বিষয়গুলোর মধ্যে রয়েছে- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা,
পরিবেশ, ক্রীড়া প্রভৃতি। দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী এক মিনিটের একটি রিল তৈরি করে বিএনপির ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে পারবেন।
ড. মাহদী আমিন জানান, প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। ৩০ শতাংশ জনমত এবং ৭০ শতাংশ জুরি বোর্ডের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। মঙ্গলবার থেকেই প্রতিযোগিতা শুরু, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সাইমন পারভেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
