মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং দি বারাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের (বিনামূল্যে স্বাস্থ্যসেবা) আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৈনিক আমার দেশ পত্রিকার চেয়ারম্যান ও সম্পাদক ড. মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি বারাকাহ ফাউন্ডেশন ও ইনসাফ বারাকাহ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা: মতিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা: মো: রুহুল আমিন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের বিভিন্ন বিভাগের ২৮ জন বিশেষজ্ঞ ডাক্তার ফ্রি রোগী দেখেন। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, কিডনি, সার্জারি, ইউরোলজি, বক্ষব্যাধি, অর্থোপেডিক, নাক, কান, গলা, নিউরো সার্জারি, রক্ত রোগ, মনোরোগ, ক্যানসার, ডায়াবেটিসসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাসপাতালে এক হাজার সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সেবা গ্রহণ করেন।
