টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুব এশিয়া কাপের শেষ চারে পা রাখলো বাংলাদেশ। ফাইনাল নিশ্চিতের মিশনে লাল সবুজদের প্রতিপক্ষ পাকিস্তান।অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বুধবার (১৭ ডিসেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানের ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমন-শাহরিয়ারে তোপে ৪৯.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে লঙ্কানরা। লাল সবুজদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ।
আফগানিস্তান ও নেপালকে হারিয়ে আগেই ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল টাইগার যুবারা। সমান দুই জয় ছিল শ্রীলঙ্কারও। তাই শেষ ম্যাচটি দুদলের জন্য পরিণত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের। যা নির্ধারণ করতো শেষ চারের প্রতিপক্ষও। সবগুলো ম্যাচ জিতে ভারত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন আর ৪ পয়েন্ট নিয়ে একই গ্রুপে দ্বিতীয় পাকিস্তান। নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তাই পাকিস্তানকে শেষ চারের প্রতিপক্ষ হিসেবে পেলো লাল সবুজরা।
