শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শেহরিন সুমি হাজির হলেন নতুন ধামাকা নিয়ে। এবার তাদের তুরুপের তাস চিত্রনায়ক সিয়াম আহমেদ। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা।
কয়েক সেকেন্ডের এই ঝলকই বলে দিচ্ছে, ‘বরবাদ’-এর চেয়েও বড় কোনো ‘ভায়োলেন্স’ আর অন্ধকারের গল্প নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা।
রক্তাক্ত বাথটাব ও সিয়ামের বিধ্বংসী রূপ সিনেমার ফার্স্ট লুকে দেখা যায় এক অবিশ্বাস্য ও লোমহর্ষক দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। মাঝখানে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ! বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দাঁড়িয়ে আছেন নায়ক সিয়াম আহমেদ। তার এক হাতে চায়নিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল। তিনি গুলি ছুড়লেন মৃত বাঘটির দিকে। চোখেমুখে ফুটে ওঠা বিষাদগ্রস্ত অভিব্যক্তির মাঝেও তার দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল—যা স্পষ্ট ইঙ্গিত দেয়, ‘রাক্ষস’ প্রেম ও ধ্বংসের এক অদ্ভুত মিশেল।
সিয়ামের ৯ মাসের তপস্যা বুধবার এফডিসিতে ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক রিলিজ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সিনেমার থিম সম্পর্কে তিনি বলেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।”
