ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগো বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান কোচ দাভিদে আনচেলত্তিকে বরখাস্ত করেছে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদের পূর্ণকালীন কোচ হিসেবে এটিই ছিল প্রথম দায়িত্ব। মাত্র পাঁচ মাস বোতাফাগোর কোচের পদে টিকলেন তিনি।
বোতাফাগো ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তেদোরেসের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় ৩৬ বছর বয়সী দাভিদেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রিও ডি জেনেইরোভিত্তিক ক্লাবটি সদ্য সমাপ্ত মৌসুমে ব্রাজিলিয়ান লিগের চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোর চেয়ে ১৬ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ হয়েছে। আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তেদোরেসের শেষ ষোলোয় ইকুয়েডরের ক্লাব লিগা দে কুইটোর কাছে হেরে বিদায় নেয়।
বোতাফোগো এক বিবৃতিতে জানিয়েছে, দিনের শুরুতে অনুষ্ঠিত একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
