জুলাই বিপ্লবের অকুতোভয় মহানায়ক শহীদ ওসমান শরীফ হাদীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। আন্দোলনকারীরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের প্রাণপুরুষ ওসমান শরীফ হাদী ছিলেন অন্যায়, দুঃশাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। তার জনপ্রিয়তা ও সাহসিকতাকেই ভয় পেয়ে একটি মহল পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি জুলাই বিপ্লবের চেতনাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের অংশ।
বক্তারা আরও বলেন, শহীদ হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার ছাত্র-জনতা ঘরে ফিরে যাবে না। বরং এই আন্দোলন আরও বিস্তৃত ও বেগবান হবে। তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার, বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং পেছনের সকল মদদদাতাকে চিহ্নিত করার দাবি জানান।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, কোনো অপশক্তি কিংবা বিদেশি মদদপুষ্ট চক্র এই বিপ্লবের অর্জন নস্যাৎ করতে পারবে না। শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব বুঝিয়ে না নেওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদের গণজোয়ার অব্যাহত থাকবে
-1766142910.jpg)