রাঙ্গামাটিতে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি যাত্রীবাহী বাস, চারটি দোকান ও একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে পুরাতন বাসস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে পুরাতন বাসস্টেশন এলাকার খাগড়াছড়ি, বান্দরবান বাস কাউন্টারের পাশের একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।
এ সময় ওখানে পার্কিং করে রাখা বাসগুলোতেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই যানবাহন, দোকান ও বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুনে দোকানের মালামাল, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
