ক্রিকেট কখনো হাসায় কখনো কাঁদায়। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন রোহিত শর্মা। এমনকি ক্রিকেট ছেঁড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
২০২৩ বিশ্বকাপে ঘরের মাঠে টানা ৯ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় দলটির। রোববার ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সেই সময়ের স্মৃতি স্মরণ করে রোহিত বলেন, ‘ফাইনালের পর আমি একেবারে বিধ্বস্ত ছিলাম। মনে হচ্ছিল- এই খেলাটা আর খেলতে চাই না, ক্রিকেট আমার কাছ থেকে সব নিয়ে নিয়েছে, দেওয়ার মতো আর কিছু নেই।’
২০১৫ সালে প্রথমবার দলের সদস্য হিসেবে ওয়ানডে বিশ্বকাপ খেলেন রোহিত। এরপর ২০১৯ সালে সহ-অধিনায়ক ও ২০২৩ সালে অধিনায়ক হিসেবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে খেলেছেন। তবে তিনবার অংশ নিয়ে একবারও শিরোপা জিততে পারেননি রোহিত।
নিজের অধিনায়কত্বে বিশ্বকাপ হেরে রোহিত বলেন, ‘পুরো দলই ভীষণ হতাশ ছিল। ব্যক্তিগতভাবে সময়টা আমার জন্য খুব কঠিন ছিল, কারণ ২০২২ সালে অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই এই বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। শরীরে কোনো শক্তি ছিল না। নিজেকে স্বাভাবিক করতে কয়েক মাস লেগেছে।’
মানসিক ধাক্কা কাটিয়ে আবার মাঠে ফেরার পথটাও সহজ ছিল না বলে জানান রোহিত, ‘নিজেকে বারবার মনে করাতে হয়েছে যে ক্রিকেটই আমার ভালোবাসা। ধীরে ধীরে আবার শক্তি ফিরে পাই, মাঠে ফেরার মানসিকতা তৈরি করি।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর রোহিতের অধীনে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। চলতি বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও জয়লাভ করে দলটি।এই বছর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৮ বছর বয়সি রোহিত। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪ তম সংস্করণ। সেই বিশ্বকাপে আরেকবার দেখা যেতে পারে ভারতের এই অভিজ্ঞ ব্যাটারকে।
