ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার ১২ আসামিকে তিন দিন করে রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সাত নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ রিমান্ডের আদেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদি হয়ে অজ্ঞাত ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়েন করেন। মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মোট ১২ জনকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ড আদেশ দেন।
গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয় একদল লোক।
শনিবার র্যাব-১৪ এর পরিচালক নাইমুল হাসান জানান, ধর্ম অবমাননার অভিযোগ এনে দিপু চন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার পর কারখানার ফ্লোর ম্যানেজার তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয়।
স্থানীয়রা জানায়, ভালুকার ওই কারখানার শ্রমিক দিপুর বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে একদল লোকের পিটুনিতে তিনি গুরুতর আহত হন, পরে মারা যান। ক্ষুব্ধ জনতা দিপুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়।
এ সময় এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, আমরা বার বার চেষ্টা করেছি, কাকে বলেছে, কী বলেছে- এটা কিন্তু কেউ বলতে পারেনি। আমার মনে হয়, উত্তেজিত জনতা কিংবা পূর্বের কোনো শত্রুতা ছিলো কিনা সেটাও তদন্ত করে দেখবো।
এদিকে এঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে সচেতন ময়মনসিংহবাসী। দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
